ঢাকা, বুধবার, ৮ জুলাই, ২০২৬

সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক, রিসোর্ট ভাড়া মওকুফের ঘোষণা

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ও মাচালং বাজার এলাকার সড়ক প্লাবিত হওয়ায় সাজেক ভ্যালিতে অন্তত ৬০০ পর্যটক আটকে পড়েছেন। তবে আটকে পড়া এসব পর্যটকদের জন্য মানবিক সিদ্ধান্ত নিয়েছে সাজেক রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকরা কোনো রুম ভাড়া ছাড়াই নিজ নিজ রিসোর্টে অবস্থান করতে পারবেন বলে ঘোষণা দিয়েছে সংগঠনটি।এর আগে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালিতে পর্যটক প্রবেশ ও অবস্থান বন্ধ ঘোষণা করে। ফলে সেখানে আগে থেকে অবস্থানরত পর্যটকদের ফেরার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়।


সাজেক রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেব বর্মন জানান, “গত ৬ ও ৭ জুলাই যেসব পর্যটকের বুকিং ছিল, বিধি মোতাবেক মঙ্গলবার সকালে তাদের সাজেক ত্যাগ করার কথা ছিল। কিন্তু বাঘাইহাট ও মাচালং বাজার এলাকায় সড়কের ওপর পানি উঠে যাওয়ায় পর্যটকদের কোনো গাড়ি পাহাড় থেকে নামতে পারেনি। বর্তমানে আনুমানিক ৬০০ পর্যটক সাজেকে আটকা আছেন।”


তিনি আরও জানান, “বৃষ্টি কমে সড়ক থেকে পানি নেমে গেলে পর্যটকরা বিকেলের স্কট ধরে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। তবে পানি না নামা পর্যন্ত তাঁরা রিসোর্টগুলোতে সম্পূর্ণ বিনামূল্যে অবস্থান করতে পারবেন, কোনো কক্ষভাড়া দিতে হবে না। যেহেতু সাজেক পাহাড়ি অঞ্চল এবং এখানে পানি সরবরাহ অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য, তাই পর্যটকদের কেবল ব্যবহারিক পানির খরচটুকু বহন করতে হবে।”


বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান জানান, সাজেকে আটকে পড়া পর্যটকদের সার্বিক বিষয়ে উপজেলা প্রশাসন সতর্ক রয়েছে এবং রিসোর্ট মালিকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। সড়কের পানি কমে গেলে পর্যটকরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে গন্তব্যে ফিরে যেতে পারেন, সেজন্য স্থানীয় প্রশাসন সব ধরনের নজরদারি রাখছে।

ads
ads
ads

Our Facebook Page